ভারতের বিরোধী দলগুলো জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে পার্লামেন্টে হৈ-চৈ করলে গতকাল সোমবার পার্লামেন্টের উভয় অধিবেশন পণ্ড হয়ে যায়। বিরোধী দলের সদস্যরা বর্ধিত দাম প্রত্যাহারে দাবি জানান। তারা বলেন, রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো গত শুক্রবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১.৪০ রুপি বাড়িয়ে পার্লামেন্টকে অবজ্ঞা করেছে। পার্লামেন্ট অধিবেশন চলাকালে পার্লামেন্টের মাধ্যমে দাম বাড়ানো উচিত ছিল। খবর এনডিটিভির। বিরোধী দলের অভিযোগের জবাবে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী রাজিব শুক্লা বলেন, দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলো। বিরোধী দলে বক্তব্য হচ্ছে- তেল কোম্পানিগুলো রাষ্ট্রায়ত্ত, তাই সরকার এর দায় এড়াতে পারে না। বিজেপি ও তাদের নেতৃত্বাধীন এনডিএ’র শরীক দল, বামপন্থী, তৃণমূল কংগ্রেস ও এআইএডিএমকের সদস্যরা অধিবেশনে শ্লোগান দেন।
গতকাল পার্লামেন্ট অধিবেশন শুরু হলে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের সদস্যরা তেলের দাম বাড়ানো প্রতিবাদে হৈ-চৈ শুরু করেন। লোকসভায় কোন কার্যক্রম শুরু করতে না পেরে দুই দফায় অধিবেশন মূলতবী করা হয়, দুপুর ২টায় অধিবেশন গতকালের জন্য মুলতবী করা হয়। দুপুর ৩টায় রাজ্যসভার অধিবেশন আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবী করার আগে চারবার অধিবেশন মুলতবী করা হয়।
