গণহত্যার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখুন :জামায়াত

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৫৪
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গণহত্যার বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণ সরকার নির্দেশিত ছকে ঘোষিত ফাঁসির রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনতার এ আন্দোলন ক্রমেই শক্তিশালী হচ্ছে। ১৪৩টি লাশ, ১০ হাজার আহত রক্তাক্ত ও অগণিত পরিবারকে যে সরকার সর্বস্বান্ত করেছে তাদের পতন না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না। তিনি বলেন, সরকার তার প্রতিহিংসা চরিতার্থের জন্য রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ও পুলিশ প্রহরা বসিয়ে ফাঁসির রায় দেয়ার দাবি জানাতে পারলে, আদালত সে অনুযায়ী রায় দিলে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবে না কেন? রফিকুল ইসলাম খান বলেন, এটা কোন দলীয় আন্দোলন নয়। এটা জনগণের স্বতঃস্ফূর্ত গড়ে ওঠা আন্দোলন। তিনি রাজনৈতিক বিবেচনায় ঘোষিত রায় প্রত্যাখ্যান ও গণহত্যার প্রতিবাদে এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, পুলিশের গুলি, হত্যা, নিপীড়ন ও আওয়ামী ক্যাডারদের তাণ্ডব উপেক্ষা করে দেশের মানুষ হরতাল সফল করে সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। তিনি বলেন, যে ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির আদেশ দিয়েছে সে ট্রাইব্যুনাল রাজনৈতিক এবং বিতর্কিত। প্রশ্নবিদ্ধ রায় দিয়ে মাওলানা সাঈদীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে তা দেশের জনগণ কিছুতেই হতে দেবে না।