চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে রিনিউএবল এনার্জি ল্যাবে উন্নতমানের সোলার ফটোভোলিক মডিউল/ প্যানেল এবং সোলার সেল টেস্টার সংযোজন করা হয়েছে। এর ফলে এই ল্যাবে সোলার প্যানেল সম্পর্কিত যাবতীয় উন্নতমানের টেস্ট, শিক্ষা-গবেষণা কার্যক্রম চালানো যাবে। এ ল্যাবের শিক্ষা-গবেষণা ও টেস্টের কার্যক্রম তত্ত্বাবধানে আছেন তিনজন শিক্ষক, একজন টেকনিশিয়ান এবং একজন ল্যাব এটেনডেন্ট। ল্যাব এর সর্বশেষ সংযোজন সম্পর্কে তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া বলেন, ‘এই ল্যাবে সংযোজিত সোলার টেস্টারের মাধ্যমে সোলার মডিউল/ প্যানেল এবং সোলার সেলের দক্ষতা সীমার হার, কারেন্ট, ভোল্টেজ, সর্বোচ্চ ক্ষমতা ইত্যাদির সঠিক মান নির্ণয় করা যাবে। যার ফলে কম মানের প্যানেলে বেশি মানের লেভেল লাগালে তা ধরা পড়বে এবং টেস্টের মাধ্যমে সর্বস্তরে সঠিক মানের সোলার প্যানেল ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে’।
স্টেট ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগ সম্প্রতি সপ্তাহব্যাপী ‘ফার্মা উইক-২০১৩’ উদযাপন করেছে। এই আয়োজনে মধ্যে ছিল র্যালি, ইনডোর গেমস (টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও লুডু), আউটডোর গেমস (আন্তঃব্যাচ ক্রিকেট প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা), কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক বনভোজন এবং শেষ দিন পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফার্মা উইকের অংশ হিসেবে সম্প্রতি নবাবগঞ্জের জমিদার বাড়িতে (বিজিবি ক্যাম্প) ফার্মেসি বিভাগের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। বিভাগের সব শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধান ও অংশগ্রহণের মধ্য দিয়ে এক সুন্দর ও মনোরম পরিবেশে নাচ, গান, খাওয়া-দাওয়া, খেলাধুলা, হৈ-হুল্লোড় প্রভৃতি আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বনভোজন সফলভাবে সম্পন্ন হয়।
পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেলফ এসেসমেন্ট অফ বিএএম ফ্যাকাল্টি শীর্ষক উপ-প্রকল্পের আওতায় দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ‘Self Assessment; Awareness Building and Knowledge Sharing’ শীর্ষক প্রজেক্টের সাব প্রজেক্ট ম্যানেজার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড.এস এম কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনুশীলনরত অনূর্ধ্ব ১৪ মহিলা দলের আবাসিক ক্যাম্প পরিদর্শন করে। দলটি আগামি মার্চ মাসের ৫ থেকে ৯ এ শ্রীলঙ্কাতে আয়োজিত এএফসি অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব.) এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বালিকা খেলোয়াড়দের তাদের আসন্ন আন্তর্জাতিক ম্যাচসমূহের জন্য শুভেচ্ছা এবং গিফট সামগ্রী উপহার দিয়ে উত্সাহিত করেন। খেলোয়াড়দের অধিকাংশই সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসেছে এবং তারা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং বাংলাদেশকে গর্বিত করার অঙ্গীকার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লিবারেল আর্টস এর ভাবাদর্শের আলোকে ইউল্যাব সবসময় খেলাধুলাকে উত্সাহ দিয়ে আসছে।
রাজশাহী কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক
কারও হাতে, কারও গালে বর্ণিল আলপনা, মাথায় ফেস্টুন। আনন্দে একসাথে নেচে চলেছে সবাই। দিনটি ছিল বাঁধন রাজশাহী কলেজ ইউনিটের সপ্তম বর্ষপূর্তি উত্সব। যারা স্বেচ্ছায় মানুষকে রক্ত দান করে। সম্প্রতি বর্ষপূর্তি উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ও বিশেষ অতিথি উপাধ্যক্ষ কেক কেটে শুভ উদ্বোধন করেন। সংগঠনের কার্যক্রম দেখে খুশি হয়ে অধ্যক্ষ আলী রেজা মুহম্মদ আব্দুল মজিদ বলেন, বাঁধন মানষের কল্যাণে যে কাজ করে যাচ্ছে দেখে আমি আনন্দিত। এরকম একটি সংগঠন আমার কলেজে থাকায় আমি গর্বিত। এরপর ৩৭ জন রক্তদাতাকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মোয়াজ্জেম হোসেন ব্যবসা বিভাগের উদ্যাগে এমবিএ ও ইএমবিএ ছাত্র-ছাত্রীদের সিপ্রং সেমিস্টারের নবীনবরণ সম্প্রতি আমান কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে ব্যবসা বিভাগের প্রধান ও বিশিষ্ট ফাইন্যান্সিয়াল অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. মোয়াজ্জেম হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফাউন্ডেশনের সদস্য এম. আমানউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর তপন কুমার চক্রবর্তী, ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাশিদা আক্তার, ওয়াই. এম. রফিকুল হক, ড. তরুণ তপন ধর, ইয়াসিন বারী, এম.এস. আব্দুস শাকুর প্রমুখ।
নির্ণয় স্বর্ণপদক
লাভ
ক্যাম্পাস প্রতিবেদক
অধ্যাপক আসাদুল হক ‘নির্ণয় স্বর্ণপদক ২০১১-১২’ লাভ করেছেন। সম্প্রতি ফরিদপুরে কবি জসীম উদ্দীন হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আ ন ম আবদুস সোবহান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুজ্জামান, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পীগোষ্ঠীর সভাপতি কবি আনোয়ার করিম।
