দেবীগঞ্জ নৃপেন্দ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ১৮:০০
নিয়াজ আহসান নিশাদ, দশম শ্রেণি দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি দশম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র। ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্নে এনএন উচ্চ বিদ্যালয় নামে পরিচয় বহন করে। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন জমিদার জগদ্বীপেন্দ্র নারায়ন ভুপ বাহাদুর। তিনি তাঁর পিতার নৃপেন্দ্র নারায়ন ভুপ বাহাদুরের নাম অনুসারে ওই সময় স্কুলটির নামকরণ করেন, “নৃপেন্দ্র নারায়ন উচ্চ ইংরেজি বিদ্যালয়” পর্যায়ক্রমে সময়ের সাথে সামঞ্জস্য রেখে বিদ্যালয়টির নাম পরিবর্তন হয়ে নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় সংক্ষেপে এন এন সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচয় বহন করছে। তত্কালীন আসাম, জলপাইগুড়ি, কুচবিহার, রংপুরসহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছেন। ২৫ একর জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে অসংখ্য জ্ঞানী-গুণী, প্রথিতযশারা পড়াশুনা করেছেন। এই প্রতিষ্ঠানটির মত বিশাল মাঠ বাংলাদেশের অন্য কোন প্রতিষ্ঠানে আছে বলে আমার মনে হয় না। আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষক রয়েছেন ১১ জন, যা অপ্রত্যুল। প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী ৪৭৫ জন। প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকরা আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান দিয়ে থাকেন। ২৬টি কক্ষ নিয়ে গঠিত একাডেমিক ভবন, রয়েছে বিজ্ঞানাগার, হলরুম, শিক্ষক কমনরুম, কম্পিউটার রুম এবং নামাজঘরসহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো। আমাদের বিদ্যালয়টি মনোরম দৃষ্টিনন্দন এলাকায় অবস্থান করছে। বিদ্যালয়টিতে খেলাধুলার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক বিনোদন সমানতালে হয়ে থাকে। প্রতিটি জাতীয় দিবস যেমন ‘১৬ ডিসেম্বর’ বিজয় দিবস, ‘২৬ মার্চ’স্বাধীনতা দিবস, ‘২১ ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং ‘১৭ মার্চ’ জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়ে থাকে। ১৯৮০ সাল থেকে উপজেলা ,জেলা ,বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্য বয়ে আনছে। আমি যখন ৭ম শ্রেণির ছাত্র (২০১১ সালে) পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর ডিবেট এন্ড স্কুল থিয়েটারের পরিচালক প্রভাষক মো: আব্দুর রহিম এর অনুপ্রেনণা ও উত্সাহে উক্ত প্রতিষ্ঠানের ৩ সদস্যের একটি বিতর্কদল জাতীয় টেলিভিশন স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওই দলের আমি ২য় বক্তা হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাই। বিশাল জায়গা জুড়ে অবস্থিত খেলাধুলা, আনন্দ-উল্লাস এবং লেখাপড়ার অভুতপূর্ব এই প্রতিষ্ঠানের পরিবেশ সত্যিই প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি আমার খুবই প্রিয়।