কচি-কাঁচার আসরের বন্ধুরা,
সবাই আমার শুভেচ্ছা নাও। ভাষার মাস ফেব্রুয়ারিতে আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা জানাই। এ সময় এলে আমাদের দেশপ্রেম আরো বেড়ে যায়। একুশের চেতনা আমাদের ভাষাকে ভালোবাসতে শেখায়। বাংলা ভাষা আমাদের কথা, অনুভূতি আর আনন্দ প্রকাশ করে। সেজন্য ভাষা দিবস উপলক্ষে ছড়া ও গল্প-চিঠি লিখে পাঠিয়েছিলাম। তবে এখনো তা ছাপা হয়নি। তোমরা তো জানো, আমার পরীক্ষার কথা। তবু প্রতি আসর আমি দেখি এবং সময় নিয়ে পড়ি। নিজের লেখা না পেয়ে কষ্ট পাই। তাই আবার পড়ার ফাঁকে তোমাদের লিখলাম। শাহবাগে আমাদের যে গণজাগরণ শুরু হয়েছে তা নিয়ে এবার লেখা পাঠালাম। এক সপ্তাহ পর পরীক্ষা শেষ হলে স্বাধীনতা নিয়ে লেখা পাঠাব। এবার প্রেরিত লেখাগুলো ছাপালে বেশ খুশি হব। আমাদের ভাষা শহীদ দিবসে ফুল দিয়ে ছোটরা শ্রদ্ধা জানিয়েছি।
প্রজন্ম চত্বরেও আমাদের মত ছোটদের চেতনা জেগে উঠেছে। একাত্তর আর একুশের চেতনায় শিশুদের ভূমিকা আমার খুব ভালো লেগেছে। বড়দের পাশাপাশি আমরা থাকব আমাদের দেশের পাশে। দেশকে, ভাষাকে সবাই ভালোবাসব। বন্ধুরা, বইমেলায় তোমরা গিয়েছ? নতুন নতুন সুন্দর, ছবিযুক্ত রঙিন বই কিনেছ? বইমেলায় আমাদের সবার যাওয়া উচিত এবং বেশি করে বই পড়া উচিত। আজ আর নয়, আবার লিখব।
তোমাদের সব সময়ের বন্ধু—
সুমনা আক্তার মীম
সদস্য নং-১২৭৭, গোড়ান, ঢাকা-১২১৯
