একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ১৯:৫৭
উত্তরাঞ্চলের ১৪টি জেলায় অবকাঠামো উন্নয়ন ও সেবা সম্প্রসারণে প্রকল্প নিয়েছে সরকার। এর ফলে ঐসব জেলার সার্বিক দারিদ্র্য কমবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় গতকাল প্রকল্পটি অনুমোদন করে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট নামের প্রকল্পটির আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ১ হাজার কি.মি. সড়ক উন্নয়ন, উপজেলা পর্যায়ে ৩শ’ কি.মি. সড়ক পুনর্বাসন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ৩ হাজার মি. ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া ৭০টি গ্রোথ সেন্টার উন্নয়ন, ৭৪টি হাটবাজার উন্নয়ন এবং প্রায় ১৩শ’ কি.মি. সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭০৬ কোটি টাকা। এর মধ্যে জাপান ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা দুই হাজার ১২৮ কোটি টাকা প্রদান করবে। সভায় দেশের ১২টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বিদ্যমান ১১৮টি ছোট ও মাঝারি আকারের ব্রিজ কালভার্ট পুনঃনির্মাণ ও প্রশস্তকরণের মাধ্যমে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। ইস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামের এ প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ৮শ’ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। সংশোধিত আকারে অনুমোদিত প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ১৮৮ কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক-এর অন্যান্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকালকের সভায় মোট ৬টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে চার হাজার ৫০৭ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের মধ্যে এক হাজার ৪৩১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট তিন হাজার ৭৬ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো, ৪৮ কোটি টাকা ব্যয়ে যশোর সফ্টওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন প্রকল্প, ৫৩ কোটি টাকা ব্যয়ে বাংলা একাডেমি স্টাফ কোয়ার্টার্স নির্মাণ প্রকল্প, ২৯৪ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল গ্যাস গ্রীড এর একটি প্রকল্প রয়েছে। এছাড়া ২১৮ কোটি টাকা ব্যয়ে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন (গোপালগঞ্জ বাস টার্মিনাল সংযোগ সড়কসহ) (১ম সংশোধিত) প্রকল্প রয়েছে।