আমি হতবাক, বিস্মিত :কামরুজ্জামান কামু

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:২৩
নিজের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘দ্য ডিরেক্টর’ ছবিটি সেন্সর বোর্ড নিষিদ্ধ করায় দারুণ মনোক্ষুণ্ন হয়েছেন পরিচালক কামরুজ্জামান কামু। বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমি খুব যত্নে দীর্ঘদিন ধরে এই ছবিটি তৈরি করেছি। আমার কাছে মনে হয়েছে এই ছবিতে এক অন্য পপিকে দেখা যাবে। এ ছাড়াও সব চরিত্র আর ডায়লগসহ সিকোয়েন্সগুলো নতুন ভাষায় তৈরি। কারণ আমি একেবারে স্বাধীনভাবে কাজটি করার চেষ্টা করেছি। নাটক বা লেখালেখিতে কিছুটা বাউন্ডারি রাখলেও আমি চলচ্চিত্রের ক্ষেত্রে একেবারে স্বাধীন, বাঁধভাঙাভাবে কাজ করেছি। অথচ এই নতুন ভাষাকেই ওরা মেনে নিতে পারলেন না। সেখানে এত বিজ্ঞ চলচ্চিত্রের মানুষেরা থাকতেও তাদের কাছ থেকে এই সাপোর্টটা পেলাম না। তাই আমি বিস্মিত, মর্মাহত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ছবিটি নিয়ে আপিল করব। এরপর সর্বোচ্চভাবে চেষ্টা করব। এবং বিনোদন সাংবাদিকদের সাথে ছবিটি দেখিয়ে একটা ঘরোয়া প্রিমিয়ারের পরিকল্পনা রয়েছে।’