ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও উক্ত ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী ইশারত মাতুব্বরকে (৪০) পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল চিহূিত সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা ইশারত মাতুব্বরের স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই করে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর হাসপাতালে ভর্তির পর চিকিত্সকরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনটি ঘটেছে গত রবিবার রাত অনুমান ৮টায় কৃষ্ণপুর বাজারের বাড়ৈরহাট রাস্তার টেম্পু স্ট্যান্ডে। জানা গেছে, এলাকার প্রভাব বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এক দল সন্ত্রাসী ইশারত মাতুব্বরের নিকট চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন বিএনপির ক্যাডার গিয়াস শিকারির নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল তাকে কৃষ্ণপুর বাজারে টেম্পু স্ট্যান্ডে পেয়ে লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করে ও পা ভেঙ্গে দেয়।
