কার্লোস তেভেজের গোলে ভর করে গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ১-০ ব্যবধানে হারায় স্বাগতিক অ্যাস্টন ভিলাকে। এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপার আশা বেঁচে থাকল কোচ রবার্তো মানচিনির দলের। এ জন্য খেলা শেষে মানচিনি জানান, পরবর্তী ম্যাচগুলোয় শতভাগ সাফল্য চান তিনি।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের আরো দশটি ম্যাচ বাকি রয়েছে। অ্যাস্টন ভিলার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর সিটি এখন নগর প্রতিদ্বন্দ্বী এবং পয়েন্ট টেবিলের এক নম্বর দল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রয়েছে। গত মৌসুমে এমনভাবে পিছিয়ে পড়েও শিরোপা জিতেছিল সিটি। প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে শিরোপা ছিনিয়ে নিয়েছিল তারা।
এবারো আশা ছাড়ছেন না সিটি ম্যানেজার রবার্তো মানচিনি। তিনি বলেন, ‘এটা কঠিন। আমরা আরো ৩০ পয়েন্টের জন্য খেলবো। আমাদের সবার প্রয়োজন জয়ের চেষ্টা করা। আমরা শেষ পর্যন্ত দেখবো কি হয়। ফুটবলে যেকোন কিছু হতে পারে। প্রতিটি ম্যাচ আমাদের জিততে হবে এবং তাদের চার-পাঁচটি ম্যাচ হারতে হবে।’
তেভেজ এই খেলায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সিটির জয়সূচক গোলটি করেন। প্রিমিয়ার লিগে ২৮ খেলা শেষে ৭১ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে সিটি। পাঁচ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ৫২ পয়েন্ট নিয়ে চেলসি চারে এবং ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে আর্সেনাল। গত রবিবার উত্তর লন্ডনের ডার্বিতে টটেনহ্যাম ২-১ গোলে আর্সেনালকে হারিয়ে চেলসিকে টপকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসে।
ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবারের ফল
অ্যাস্টন ভিলা ০ ম্যানচেস্টার সিটি ১
