পাকিস্তান হকি দল আগামী মাসে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারতে যাবে। দক্ষিণ এশিয়ার দুই পড়শির মধ্যে এটি হবে সাত বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া হকি সিরিজ। গত সোমবার লাহোরে কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
ধারণা করা হচ্ছে এ সফরটি দুই দেশের মধ্যকার ক্রীড়া সম্পর্ককে উন্নত করবে। বিশেষ করে ডিসেম্বরে পাকিস্তান দলের ভারত সফরের পর। পাকিস্তান দল অবশ্য পাঁচ বছর পর ভারতে গিয়েছিল। মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী আক্রমণের পর ভারত সব ধরনের ক্রীড়া সম্পর্ক স্থগিত করে দেয়। ভারতের রাচি, লক্ষৌ, দিল্ল¬ী, মোহালি এবং জলন্ধরে ৫-১৫ এপ্রিল পাঁচটি ম্যাচ খেলবে পাকিস্তান। ভারতেরও ফিরতি সফরে পাকিস্তানে গিয়ে পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে। পাকিস্তান হকি ফেডারেশনের সম্পাদক আসিফ বাজওয়া জানিয়েছেন ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সফরে লাহোর, ফয়সালাবাদ, করাচি এবং শিয়ালকোটে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। ডন/বাসস
