রেলের ব্রডগেজ ইঞ্জিন উদ্বোধন করলেন প্রণব মুখার্জি ও শেখ হাসিনা

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২১:০৮
সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতীয় ঋণে কেনা ব্রডগেজ ইঞ্জিন ও ট্যাঙ্ক ওয়াগান যৌথভাবে উদ্বোধন করেছেন। ভারতের রাষ্ট্রপ্রতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল সকালে ক্যান্টনমেন্ট স্টেশনে ২০টি ট্যাঙ্ক ওয়াগান ও ১টি ব্রেক ভ্যানসহ একটি ইঞ্জিনের চলাচল উদ্বোধন করেন। মন্ত্রী, উপদেষ্টা, দু’দেশের হাইকমিশনারগণ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মাদ আবু তাহের ভারতীয় ঋণে নেয়া বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, ১ বিলিয়ন ডলার ঋণের আওতায় রেলওয়ের ১৪ প্রকল্পের জন্য বরাদ্দ ৭৩৬ মিলিয়ন ডলারের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১১টি প্রকল্পের কাজ চলছে। বাংলাদেশ রেলওয়ে পুরাতন ইঞ্জিনের স্থলে নতুন ইঞ্জিন সংযোজনের জন্য দু’টি চুক্তির আওতায় ভারতের আরআইটিইএস থেকে ২৬টি ব্রডগেজ ইঞ্জিন কিনবে। এছাড়া ভারতের টেঙ্মাকো থেকে বিভিন্ন বিদ্যুত্ কেন্দ্রে তেল সরবরাহের জন্য ১৬৫টি ব্রডগেজ ট্যাঙ্ক ও ৬টি ব্রেকভ্যান কেনা হবে। উল্লেখ্য, ২০১০ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লী সফরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে স্বাক্ষরিত যৌথ ইশতেহারের সিদ্ধান্তের আলোকে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং রেলওয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্রডগেজ ও মিটারগেজ ই্ঞ্জিন ও ওয়াগান ক্রয়সহ বাংলাদেশের জন্য ১ বিলিয়ন ডলার ঋণের ঘোষণা দেন। ভারতের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল থেকে দুটি ইঞ্জিনসহ ২০টি ট্যাঙ্ক ওয়াগান ও একটি ব্রেক ভ্যান চলাচল করবে।