রাজধানীর তেজগাঁওয়ে আগুনে পুড়ে যাওয়া পদ্মা পলিকটন মিলস সংলগ্ন বেগুনবাড়ি বস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি। বস্তিবাসীর অভিযোগ, পাকা বাড়ি নির্মাণ ও বস্তির জায়গা দখল করতেই স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির মদদে পরিকল্পিতভাবে বস্তিতে আগুন ধরিয়ে বস্তিবাসীকে সম্বলহীন করা হয়েছে। বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন পুলিশ আদালতে দাখিল করেছে।
গত বছরের ২১ নভেম্বর তেজগাঁও শিল্পাঞ্চলের পদ্মা পলিকটন মিলস সংলগ্ন বেগুনবাড়ি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বস্তির প্রায় সাড়ে ৪শ ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর ২২ নভেম্বর তানিয়া ইয়াছমিন নামে ক্ষতিগ্রস্ত এক বস্তিবাসী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় স্থানীয় এবং প্রভাবশালীকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, ঐ ব্যক্তি জমি দখল করার জন্য পরিকল্পিতভাবে বস্তিতে আগুন ধরিয়ে দেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছিল। গত ১০ ফেব্রুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এ মামলার চূড়াস্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়নি।
এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামান বলেন, তিনি এই থানায় নতুন বদলি হয়ে আসার আগেই মামলাটির তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। তাই এ মামলাকে ঘিরে কোন ঘটনা তার জানা নেই।
ঐ বস্তিতে গিয়ে দেখা গেছে দোতলা বাড়ি নির্মাণের কাজ চলছে। ঐ নির্মাণ কাজের ম্যানেজার বাদশা মিয়া জানান, নির্মাণাধীন ভবনের জায়গার মালিক আইয়ুব আলী শিকদার। নিচ তলার কাজ শেষ করে ভাড়াও দিয়েছেন।
