গাইবান্ধায় ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুট, আহত ৪

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২১:২৫
গাইবান্ধা সদরের চক গোবিন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ আবু হোসেন (৫৫) নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চক গোবিন্দপুর গ্রামের আবু ইদ্রিস আলীর তপনের সাথে একই গ্রামের আব্দুল লতিফের দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার ভোরে আব্দুল লতিফের পিতা আবু হোসেনের নেতৃত্বে দেড় শতাধিক লোক লাঠিসোটা নিয়ে এসে ইদ্রিস আলীর ধানের মিল-চাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে চাতাল সংলগ্ন বসতবাড়িতেও চালানো হয় হামলা। স্বর্ণালঙ্করসহ ৭/৮ লক্ষ টাকার মালামাল লুট করা হয়। পরে তারা ঘরবাড়ি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের মারপিটে ৪ জন আহত হয়। পুলিশ এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সদর থানার ওসি গোপাল চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়ার সময় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। থানায় মামলা হয়েছে।