কুমিল্লায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২২:১৬
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। হরতাল পালন ও বর্জনকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর ও জেলার মুরাদনগরে এ ঘটনা ঘটে। হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া, গুলিবর্ষণ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনায় মহানগরীতে কমপক্ষে ৩০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে জেলা বিএনপির কার্যালয়সহ অন্তত ১৫টি দোকানপাট ভাংচুর ও ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিনকে দায়ী করে আজ বুধবার জেলা সদরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। বেলা ১২টার দিকে নগরীর কান্দিরপাড়ে সমর্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করে। এসময় বিএনপির নেতা-কর্মীরাও হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। এতে উভয়পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ, গুলিবর্ষণ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কান্দিরপাড়ে জেলা বিএনপির কার্যালয় ও কমপক্ষে ১৫টি দোকান ভাঙচুর করা হয়। এছাড়া লাকসাম রোডের রামঘাট এলাকায় ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। গুলিবিদ্ধ নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলমকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া জেলার মুরাদনগর উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের বিষ্ণুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এসব ঘটনায় উভয়পক্ষ পরস্পরকে দায়ী করেছে।