কাদের মোল্লার আপিল শুনানির দিন ধার্যের আদেশ রবিবার

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২২:১৮
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্য করা হবে কিনা সেই প্রশ্নে রবিবার আদেশ দিবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার আদেশের জন্য এ দিন ধার্য রাখেন। কাদের মোল্লার সর্বোচ্চ দণ্ড চেয়ে সরকারের করা আপিল শুনানির দিন ধার্যের জন্য গতকালের দৈনন্দিন কার্যতালিকার ২৭ নম্বরে অন্তর্ভুক্ত ছিলো। সকালে বিচার কার্যক্রম শুরু হলে আদালত এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলমকে বলেন, আপিলের সারসংক্ষেপ জমা দেয়া হয়নি। আসামি পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তারা আদালতে অনুপস্থিত। এ পর্যায়ে এটর্নি জেনারেল বলেন, আইনানুযায়ী আপিল দায়েরের সময় সরকার পক্ষ রায়সহ সব নথিপত্র দাখিল করেছে। তখন আদালত বলেন, আসামি পক্ষ তো নেই। তাদের অবহিত করুন। রবিবার আদেশের জন্য বিষয়টি কার্যতালিকায় থাকবে। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন সেলের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান উপস্থিত ছিলেন।