বিশ্বের শীর্ষ ধনীর তালিকা নিয়ে সৌদি প্রিন্সের আপত্তি

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২২:১৮
সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা নিয়ে আপত্তি প্রকাশ করে বলেছেন, ম্যাগাজিনটি তার সম্পদের অবমূল্যায়ন করেছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের এ বছরের শীর্ষ ধনীর তালিকায় প্রিন্স তালালের স্থান ২৬ নম্বরে। টানা চতুর্থ বার এক নম্বর স্থান ধরে রেখেছেন মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লুস স্লিম। গত সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। খবর বিবিসির। ফোর্বসের হিসাবে সৌদি প্রিন্স তালালের সম্পদের পরিমাণ দুই হাজার কোটি ডলার। কিন্তু প্রিন্সের হিসাবে তার সম্পদের পরিমাণ দুই হাজার ৯৬০ কোটি ডলার। এতে তালিকায় তার স্থান শীর্ষ দশের মধ্যে থাকার কথা। প্রিন্স তালালের অফিস থেকে বলা হয়, ফোর্বসের হিসাব ত্রুটিপূর্ণ। তারা যে পদ্ধতিতে হিসাব করে তা মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের উপযুক্ত নয়। ম্যাগাজিনটি অন্যান্য স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সম্পদমূল্য বিবেচনায় নিলেও সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির হিসাব আমলে নেয়নি। তারা এর আগে ম্যাগাজিনটির হিসাব পদ্ধতি সংশোধনের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তা করা হয়নি। তারা ফোর্বসের তালিকা থেকে প্রিন্সের নাম প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে। তারা এখন ম্যাগাজিনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।