গোপালগঞ্জে যুবককে গুলি করে হত্যা

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২২:২১
গোপালগঞ্জে দুর্বৃৃত্তরা মো. শফিক মুন্সী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল বিলের একটি ক্ষেতে পুলিশ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পিস্তলের ৬টি গুলির খোসা পুলিশ জব্দ করেছে। নিহত মো. শফিক মুন্সী টুঙ্গীপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মো. শহিদ মুন্সীর ছেলে। সোমবার রাতের কোন এক সময়ে ওই বিলে দুর্বৃত্তরা শফিককে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী মনিরা বেগম জানায়, তার বাবার বাড়ি সদর উপজেলার সোনাকুড় গ্রাম থেকে স্বামী শফিককে তার মামাতো ভাই জিকরুল মুন্সী সোমবার সন্ধ্যায় ডেকে মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়। গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুস সোবহান জানিয়েছেন, লাশের পিঠ, বুক, পেটে ৬টি গুলির চিহ্ন রয়েছে।