ভারতের ক্ষমতা-সীন কংগ্রেস দলের সহ-সভাপতি রাহুল গান্ধী বলে-ছেন, তিনি প্রধান-মন্ত্রিত্বের পদ গ্রহণে আগ্রহী নন। এর চেয়ে তিনি দলকে প্রাধান্য দিতে চান। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করার আগ্রহ ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার তার দলের সংসদ সদস্যদের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন তিনি। খবর এনডিটিভির।
কংগ্রেস মুখপাত্র রশীদ আলভী রাহুল গান্ধীর উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি দেশের ও দেশের মানুষের জন্য নিজেকে উত্সর্গ করতে চান। যদিও তার দলের সমর্থকরা চান তিনি যেন প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন। গতকাল লোকসভার অধিবেশন সমাপ্তির পর সংসদের কেন্দ্রীয় হলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। রাহুল গান্ধী বলেন, তার প্রধান লক্ষ্য আগামী নির্বাচনকে সামনে রেখে তার দলকে শক্তিশালী করা। তার দল যদি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে তাহলে সেটি তখন দেখা যাবে কে প্রধানমন্ত্রী হবেন। এ বিষয়ে এখনই মন্তব্য করার সময় নয়। তিনি আরো বলেন, কংগ্রেস দলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হবে।
