নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ভারত কণ্যাকে (মরণোত্তর) ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে তার পরিবারের হাতে এই পুরস্কার তুলে দেবেন মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর বিবিসির।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, নির্ভয়া নামের ওই মেয়েটি ধর্ষণের শিকার হওয়ার পরও যে সাহসিকতা দেখিয়েছেন এবং এর প্রতিবাদে যেভাবে নারী সহিংসতার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে তা অতুলনীয়। নারীদের বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে তার (ভারতকন্যা) পরিবারের চলমান লড়াইও বিশ্বের মানবাধিকার আদায়ের লড়াইয়ের অনন্য দৃষ্টান্ত। হাসপাতালে থাকা অবস্থায় অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে দেয়া তার সাহসি জবানবন্দি লাখো ভারতীয় নারীর পক্ষে বিচারের জন্য সংগ্রামী মানুষের হূদয়ে চিরদিন স্মরনীয় হয়ে থাকবে। তাই তাকে এ বছর এ পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৭ সাল থেকে এই সম্মাননাটি প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র। নারী অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করা আরও ১০ সাহসী নারীকে এই সম্মাননা দেবে মার্কিন সরকার। গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লির চলনন্ত বাসে ধর্ষণের শিকার হন মেডিকেল ছাত্রী। এর দুই সপ্তাহ পর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।
