জামায়াতে ইসলামীর রবি ও সোমবারের হরতাল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গত দুইদিনে দেশের বিভিন্ন স্থানে আরো মামলা হয়েছে। এসব মামলায় জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে তাদের বেশ কিছু নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার বিকালে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দলের পক্ষ থেকে ২টি, রবিবার রাতে সিরাজগঞ্জ-মুলিবাড়ি সড়কের বাঔতারায় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ১টি এবং উল্লাপাড়ায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবির নেতা-কর্মীদের নামে আরো ১টি মামলা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে ৭৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২ শতাধিক, আহত ছাত্রলীগ কর্মী গয়লা মহল্লার রুবেল বাদী হয়ে ৬৬ জনের নাম দিয়ে ও ৫০/৫৬ জন অজ্ঞাতনামা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং ক্ষতিগ্রস্ত পিকআপভ্যানের চালক পুলিশ কনস্টেবল মাহবুব হোসেন বাদী হয়ে ৬৭ জনের নাম উল্লেখ করে ও প্রায় আড়াইশত জামায়াত-শিবির নেতা-কর্মীর নামে মামলা করেছে। সোমবার বাঔতারা থেকে আটক ৫ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বলেন, সোমবার পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ৭ শতাধিক অজ্ঞাতনামা জামায়াত-শিবির নেতা-কর্মীর নামে উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা বাদী হয়ে মামলা করেছেন।
বগুড়া প্রতিনিধি জানান, রবিবার বগুড়ায় জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় সদর থানায় ১০টি এবং শিবগঞ্জ থানায় ২টি মামলা হয়েছে। দায়েরকৃত ১২টি মামলায় মোট ১১ হাজার ২২০ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে সদর থানায় সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ১৩ জন।
হরতাল চলাকালে শহরের শেরপুর রোডের এস.এ পরিবহন ভাংচুর ও লুটপাটের ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার হুমায়ন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে শিবগঞ্জের মোকামতলায় জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। রবিবার রাতে দায়ের করা দুটি মামলায় জামায়াত-শিবিরের এক হাজার ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম জানান, উপজেলার পার আঁচলাই গ্রামের জিয়াউল ইসলাম (৩০) হত্যার ঘটনায় তার বড় ভাই ডা. মোজাফফর হোসেন বাদী হয়ে ৬০০ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়াও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে পুলিশকে আহত ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (এসআই) সানোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৯০০ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে আরো একটি মামলা করেছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন গত সোমবার রাতে জেলা সদরের চান্দনা চৌরাস্তায় বাসে অগ্নিসংযোগ এবং শিববাড়ি এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় জয়দেবপুর থানায় দু’টি পৃথক মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে। মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অধিকাংশই জামায়াত সমর্থিত নেতা-কর্মী। বাস পোড়ানো মামলায় জামায়াত নেতা রেজাউল হককে প্রধান আসামি করে ৪৩ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় এসআই আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনায় জামায়াত নেতা কলিম লষ্করকে প্রধান ও ১৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়। সোমবার রাতে র্যাব-পুলিশের হাতে আটক হওয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু নাঈম মোল্লা ও দপ্তর সম্পাদক আব্দুল বাছেদ ও মঙ্গলবার ভোরে আটক হওয়া জামায়াতের জেলা আমীর মো. আবুল হাসেম খান এবং তার দুই ছেলে মো. ফারুক হোসেন (২৮) ও মো. ফরিদ হোসেনকে (২৫) ওই দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ফাঁড়ির ৪ পুলিশ কনস্টেবল হত্যা মামলার দুই আসামিকে গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী মামলায় জামায়াতের নায়েবে আমীর মাওঃ দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরই জামায়াত-শিবির তাণ্ডব চালিয়ে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, ৪ পুলিশকে পিটিয়ে হত্যা, সুন্দরগঞ্জ থানা ঘেরাও ও সরকারি-বেসরকারি অসংখ্য ঘরবাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জামায়াত নেতা গোলাম মোস্তফা বাবুলকে সোমবার রাতে পৌরসদর চরনিখলা এলাকার নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত গোলাম মোস্তফা বাবুলকে গতকাল মঙ্গলবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বানারীপাড়া সংবাদদাতা জানান, বানারীপাড়ায় জামায়াতের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জামায়াত নেতা মোঃ ইউসুফ হাওলাদার (৩৮) ও কর্মী নুরুজ্জামান ফকিরকে (৫০) গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, উপজেলায় দ্রুত বিচার আইনে ৩টি মামলা হয়েছে। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরে তাণ্ডবে আ’লীগের অফিসসহ মহাজোটের কয়েকটি অফিস ও নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচর, লুটপাট হওয়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন, ওসমান মন্ডল ও হায়দার আলী বাদী হয়ে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করেছেন। অপরদিকে উপজেলায় জামায়াতের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি গ্রাম থেকে মামুন হাওলাদার নামে এক জামায়াত কর্মীতে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। ওসি জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, বিএনপির ডাকা দেশব্যাপী মঙ্গলবারের হরতালে হোসেনপুরে ২ বিএনপি নেতাকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, হরতালে নাশকতার আশংকায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো:সাদ্দাম হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক মো:শফিকুল ইসলাম কাঞ্চনকে আটক করা হয়েছে।
মঠবাড়িয়া সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা জামায়াত সদস্য আব্দুল মালেক মীর (৪৭), সাপলেজা ইউনিয়নের আলম হাওদারের পুত্র নাছির হাওলাদার (৩০) ও একই গ্রামের সিদ্দিক প্যাদার পুত্র, আলিম প্যাদাকে (২৭) গ্রেফতার করে। থানা পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদী উপজেলা টরকী বন্দর থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা জামায়াতের সেক্রেটারী ও ভারপ্রাপ্ত আমীর হোমিও ডাক্তার সরোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সরোয়ার হোসেনকে আটক করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃত সরোয়ারকে ১৫১ ধারায় বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত বিচার আইনে করা এ ৩টি মামলায় প্রায় ২ হাজার লোককে আসামি করা হয়েছে।
