সিক্স মানে ছয়। কিন্তু এই অংক নয়, একটি নতুন ব্যান্ডের পরিচয় তুলে ধরতেই আমাদের এই আয়োজন। ব্যান্ডটি নেসক্যাফে ‘গেট সেট রক ২০১২’-এর চ্যাম্পিয়ন। ইতিমধ্যেই নতুন এই ব্যান্ডটি তাদের সম্ভাবনার স্বাক্ষর রেখেছে। তাদের নিয়ে লিখেছেন মুহম্মদ কবীর
তারা ছয় জন। এই ছয়ের আজ একটি পরিচয়—সিক্স। আমাদের ব্যান্ডবাদ্যির ভুবনে একটি নতুন সম্ভাবনার নাম। নিরবতার দেয়াল ভেঙে বুকে গানের সাহস নিয়ে এগিয়ে যাওয়াই যাদের প্রত্যয়। এরই মাঝে নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তারা। নেসলে বাংলাদেশের আয়োজনে নেসক্যাফের ‘গেট সেট রক’ প্রোগ্রামে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন। সিক্সের প্রতিটি সদস্যই নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন এ প্রতিযোগিতায়। তাদের সম্মিলনের পেছনে ‘গেট সেট রক’ কাজ করলেও তারা আসলে বাঁধা পড়েছেন সুরের সুতোয়। তাদের সূচনা তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ হলেও সমাপ্তিটি হয়েছে ঐক্যের বন্ধনে। দেশের মেধাবী মিউশিয়ানের খোঁজে ২০১১ সালে নেসক্যাফের আয়োজনে ‘গেট সেট রক’ শিরোনামের একটি অনুষ্ঠান হয়েছিল। সেই নতুন সংগীত প্রতিভাদের সমন্বয়ে গড়া ব্যান্ডদলগুলোর পরস্পরের সংগীত প্রতিযোগিতার ভিত্তিতে ২০১২ সালে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ। আর এই চ্যাম্পিয়ন দলটিই সিক্স। সিক্সের প্রতিটি সদস্যই ছেলেবেলা থেকেই গানের সাথে জড়িত। তখন থেকেই কেউ গিটারে কেউ কি-বোর্ডে কেউ ড্রামসে আর কেউ কণ্ঠে ধারণ করেছিলেন গান। সিক্সের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রোগ্রামের সূত্রে সম্পর্কিত হওয়ার পর তাদের বর্তমান সম্পর্কের হাল হকিকত নিয়ে। সিক্সের ভাষ্য, ‘আমরা একটি প্রতিযোগিতাপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে এক হয়েছি। কিন্তু বাঁধা পড়েছি স্বপ্নের সূত্রে। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন ছিল গান নিয়ে। এই গানই আমাদের বন্ধু করেছে। তাই দেখা যায় সকালের ফোন থেকে রাতের আড্ডায় একসাথে আছি সবাই।’ এরপর তারা চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘দারুণ প্রতিযোগিতার ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে। তাই পরিশ্রমটাও ছিল অসামান্য। কিন্তু প্রাপ্তি ছিল এরচেয়েও বেশি।’ ‘গেট সেট রক’ প্রোগ্রামের অঙ্গীকার অনুযায়ী নেসক্যাফে চ্যাম্পিয়ন ব্যান্ড সিক্স ও রানার্সআপ ব্যান্ড রঙের গান নিয়ে গত ২৩ জানুয়ারি একটি অডিও অ্যালবাম প্রকাশ করেছে। এই অ্যালবামে সিক্সের পাঁচটি এবং রঙের চারটি গান রয়েছে। সিক্সের পাঁচটি গান হলো—‘এই তো সময়’, ‘রক্ত জবা’, ‘ভবতরী’, ‘নির্ঘুম’ ও ‘অন্ধ মানুষ’। সবগুলো গানই শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়েছে। এর মাঝে ‘এই তো সময়’ গানটি শ্রোতাদের বিশেষ মনোযোগ কেড়েছে। এরই ধারাবাহিকতায় সিক্স তাদের দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে তাদের বর্তমান ব্যস্ততা জুড়ে রয়েছে বিভিন্ন লাইভ শো। তাদের ভবিষত্ নিয়ে কী পরিকল্পনা জানতে চাইলে তারা বলেন, ‘আপাতত নিজেদের গুছিয়ে নিতেই ব্যস্ত আছে। প্র্যাকটিস করাটাই এখন আমাদের ধ্যান-জ্ঞান। আর ভবিষ্যতের কথা বললে বলতে হয় গান ছাড়া আর কিছুই আমাদের ভবিষ্যত্ নয়।’ সিক্সের এই দৃঢ়প্রত্যয় আমাদেরও আশাবাদী করে তোলে। আমাদের ব্যান্ডের ভুবনে সিক্স নতুনত্বের আলো ছড়াবে এটাই প্রত্যাশা।
সিক্সের সদস্যরা হলেন
রেজওয়ান (লিড গিটার), রোমান্স (বেজ গিটার), সোহাগ (কি-বোর্ড), শিশির (ড্রামস), পাবলো (ভোকাল ও র্যাপার), দীপ (ভোকাল) এবং অনি (ব্যান্ড ম্যানেজার)।
