রাজবাড়ি

একজ জাগরণের আবৃত্তি সন্ধ্যা

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ১৮:৪৭
‘জাগরণের আলোয় উজ্জীবিত হোক সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সামাজিক সংগঠন একজ জাগরণে চতুর্থবারের মতো গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজন করে আবৃত্তি সন্ধ্যার। জাগরণের লক্ষ্যে, মানবতার মন্ত্র বুকে ধারণ করে গোয়ালন্দের কিছু তরুণ ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি ‘শুদ্ধ উচ্চারণে স্মরণোত্সব’ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করে ‘একজ জাগরণে’ নামের একটি সামাজিক সংগঠন। সামাজিক জাগরণের লক্ষ্যে সচেতনতামূলক কাজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে। তারই আলোকে ভাষা শহীদদের স্মরণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২টি মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে পৌর শহীদ মুহিউদ্দিন মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরের শহীদ বেদিতে শুক্রবার সন্ধ্যা সাতটায় আবৃত্তি সন্ধ্যার শুভ সূচনা করেন সংগঠনের আহ্বায়ক সুজন সারওয়ার। ‘একজ’-এর সুরজিত চক্রবর্তী ও জেরিন নাসরীন টুম্পার সঞ্চলনায় আবৃত্তি পরিবেশন করেন অধ্যাপক আউয়াল আনোয়ার, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, আবু সুফিয়ান কুশল, রবিন আহসানসহ ফরিদপুরের আবৃত্তি পরিষদ, অঙ্কুর ফরিদপুর, রাজবাড়ীর প্রিয়তমেষু আবৃত্তি নিকেতন, রাজবাড়ী আবৃত্তি পরিষদ, একজ এবং স্থানীয় নবীন ও প্রবীণ আবৃত্তিকার। রাত দশটা পর্যন্ত আবৃত্তি পরিবেশনা সবাইকে মুগ্ধ করে রাখে।