জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ২৫ ফেব্রুয়ারি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে সংগীত বিভাগের পরিবেশনায় জাতীয় সংগীত, অতিথিদের আসন গ্রহণ, নবীনদের বরণ, স্বাগত বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রক্টর ড. মো. মাহবুব হোসেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিকুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের মধ্য হতে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের আরিফুজ্জামান ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফারজানা বক্তব্য রাখেন।
