পতনের বৃত্তে শেয়ারবাজার

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২০:৪৪
পতনের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। একদিন বাড়লে টানা কয়েকদিন কমতে থাকে সূচক। এভাবে চলতে থাকায় গত ১৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড সূচক ৪ হাজার ৩০৪ পয়েন্ট থেকে কমে ৩ হাজার ৮৩৫ পয়েন্টে নেমে এসেছে। এদিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় বিনিয়োগকারীদের আস্থার সঙ্কট তীব্র হয়ে উঠায় লেনদেনের খরাও বড় হয়ে দেখা দিয়েছে। এমনিতেই বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঙ্কট রয়েছে তার উপর রাজনৈতিক অস্থিতিশীলতা সেটিকে আরও উসকে দিয়েছে। ফলে গত ৯ কার্যদিবসের মধ্যে একদিনও চারশ কোটি টাকার উপরে লেনদেন হয়নি। বেশিরভাগ দিনই লেনদেন হয়েছে তিনশ কোটি টাকার নীচে। তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৮৫৪ পয়েন্টে নেমে এসেছে। আর সাধারণ মূল্যসূচক কমেছে ২৫ পয়েন্ট। ডিএসই-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৭০টি কোমপানির ৫ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৪১ লাখ ২৩ হাজার ১২৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৫১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। গতকাল সিএসই’র সার্বিক মূল্যসূচক ৮৪ পয়েন্ট কমে ১২ হাজার ৫০ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্য সূচক কমেছে ৩৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৪৩৪ টাকা। লেনদেনকৃত ১৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের দর। ডিএসই জানিয়েছে, গতকাল থেকে ডিএসইতে পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের গ্লোবাল হেভী কেমিক্যালের লেনদেন শুরু হয়েছে। প্রথমদিনেই কোম্পানিটি ডিএসই’র লেনদেন ও দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করে নিয়েছে। গতকাল কোম্পানির ৫৫ লাখ ৪৪ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়। যা ডিএসই’র হাত বদল হওয়া শেয়ারের প্রায় সাড়ে ১০ শতাংশ। এছাড়া এ শেয়ারের দর বেড়েছে ৩৯৯ শতাংশ বা ৭৯.৮০ টাকা। ফলে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে। গ্লোবাল হেভীর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করে।