গিনির জনগণকে শান্ত থাকার আহ্বান মুনের

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:০৮
পশ্চিম আফ্রিকার দেশ গিনির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান-কি-মুন। দেশটিতে সামপ্রতিক রাজনৈতিক সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১৩০ জন লোক আহত হয়েছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে বলা হয়, গিনিতে চলমান রাজনৈতিক সহিংসতার খবরে গভীরভাবে উদ্বিগ্ন সংস্থাটির মহাসচিব। বৃহস্পতিবার কোনাক্রিতে এই রাজনৈতিক সহিংসতা শুরু হয়। বিবৃতিতে আরো বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মহাসচিব গিনির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশটিতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সংলাপের উপায় খুঁজে বের করতে দেশের সকল রাজনৈতিক নেতার প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, কোনাক্রিতে গিনির প্রধান বিরোধী দলের বিক্ষোভ সমাবেশ চলাকালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। পূর্ব নির্ধারিত ১২ মে’র নির্বাচনে স্বচ্ছতার দাবিতে হাজার হাজার লোক কোনাক্রিতে সমবেত হয়। নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক বিক্ষোভ-সমাবেশের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ সমাবেশ।