ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করার কথা ভাবছেন। ফুলবাড়ি কয়লাখনি আন্দোলনের সার্বিক পরিস্থিতি করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় নিমতলাস্থ ধানহাটি চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পদত্যাগে উদ্যোগী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ফুলবাড়ি কয়লাখনি আন্দোলনের অন্যতম নেতা আমিনুল ইসলাম বাবলু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, আবুল খায়ের, কমল চক্রবর্তী, শামিউল ইসলাম চৌধুরী, শাহরিয়ার সানি, হিমেল মণ্ডল প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু বলেন, উপজেলার অধিকাংশ কাজই হচ্ছে জাতীয় সংসদ সদস্যের পরামর্শে। উপজেলা নির্বাহী কর্মকর্তাই মাধ্যমে। এ কারণে সেখানে থেকে জনগণের কোন কল্যাণ করা যাচ্ছে না বলেই সেখান থেকে পদত্যাগ ছাড়া অন্য কোন পথ নেই।
পরে খনি বিরোধী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করাসহ এশিয়া এনার্জির সকল অপতত্পরতা বন্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য উপস্থিত সকলকে বুকে হাত রেখে শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু।
