ক্রিস্টিয়ানো রোনালদো এক সময় ওল্ড ট্র্যাফোর্ডে গোল করে অনেকবার উত্সবে মেতে উঠেছিলেন। সেসব গোলের সংখ্যা ডজনের ওপর। ব্যতিক্রম ছিল কেবল গত মঙ্গলবার যখন তিনি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়সূচক গোলটি করেও আত্মহারা হলেন না। বরং দুই হাত উপরে তুলে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
পর্তুগীজ এই ফুটবলার ২০০৩ সাল থেকে ছয় বছর ইউনাইটেডে ছিলেন। দুদলের প্রথম লেগের খেলায় মাদ্রিদের মাঠে ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছিল। কিন্তু এই রাতে পর্তুগীজ খেলোয়াড়টি তার পুরোনো গুরু অ্যালেক্স ফার্গুসনের দলের বিরুদ্ধে জয়সূচক গোলটিই করেন। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে কোচ হোসে মরিনহোর দল পৌঁছে যায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে।
ম্যানচেস্টারের বিমানবন্দরে নামার পর থেকেই রোনালদো উষ্ণ অভ্যর্থনা পাচ্ছিলেন। গ্যালারিতে দর্শকদের ফেস্টুনেও ছিল আবেগের প্রকাশ। ইউনাইটেড ছেড়ে যাবার পর এই প্রথম ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছিলেন রোনালদো, তাই নিজে আবেগে ভেসেছেন, ভাসিয়েছেন সমর্থকদেরও। এরপরও পেশাদারিত্বের বহিঃপ্রকাশ ঘটিয়ে স্থানীয় সমর্থকদের হূদয় ভেঙে ৬৯ মিনিটে ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেন বিশ্বের সবচাইতে দামি ফুটবলারটি। রোনালদো খেলা শেষে বলেন, ‘আমার জন্য এটা ছিল আবেগঘন মুহূর্ত। একটি মাত্র বাক্য আমি বলতে পারি—অবিশ্বাস্য। সমর্থকরা কি করেছেন আমার জন্য, আমি লজ্জায় পড়ে গেছি।’ সান্টিয়াগো বার্নাব্যুতেও মাদ্রিদের সমতাসূচক গোলটি করেছিলেন তিনি।
ইউনাইটেডের সমর্থকদের সম্মান দেখিয়ে রোনালদো গোল এবং জয়ের পর উত্সব করেননি। দুই হাত ওপরে তুলে একদার প্রিয় ক্লাবের সমর্থকদের জানান দিয়েছেন, তিনি দুঃখিত। চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৮৮তম ম্যাচে ৫০তম জয় পাওয়া রোনালদো আরো বলেন, ‘এই সম্মান মানুষগুলোর জন্য। তারা আমাকে ভালোবেসেছেন অনেক বছর ধরে। এই অনুভূতি আপনি ভুলে যেতে পারেন না। আমি উদযাপন করতে পারি না। কিন্তু ভেতরে ভেতরে আমি খুশি। আমি বেশিরভাগ ম্যাচে জিততে চাই। একধাপ একধাপ এগিয়ে যেতে চাই। ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে চাই।’
রিয়াল মাদ্রিদের অসাধারণ একটি সপ্তাহ গেল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে তারা লা লিগা ও কোপা ডেল রে মিলিয়ে এক সপ্তাহে দুবার হারিয়েছে। স্প্যানিশ লিগে সুবিধা করতে না পারলেও কোপা ডেল রের ফাইনাল নিশ্চিত করেছে বার্সাকে হারিয়েই। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ইউনাইটেডকে হারিয়ে নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল।
ইউনাইটেডে আবারো ফিরতে পারেন রোনালদো। এমন একটা গুঞ্জন আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউনাইটেডের সমর্থকরা এবং ক্লাব অনেক বড় ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমি রিয়াল মাদ্রিদে খুশি আছি এবং এখানেই থাকতে চাই।’
পাঁচ বছর আগে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন ইউনাইটেডের হয়ে। মস্কোতে চেলসির বিপক্ষে ফাইনালটি ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ইউনাইটেডের হয়ে গোলটি করেছিলেন রোনালদো। সেবার টাইব্রেকারে কিক মেরেও অবশ্য গোল পাননি এই বিখ্যাত পর্তুগীজ। তবে এ দফায় ইউনাইটেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ৪৬তম গোলটি করে আরেকটি শিরোপার খুব কাছে এসে দাঁড়িয়েছেন তিনি।
