চুক্তি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে সমপ্রতি কলম্বোতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সদর দফতরের বাইরে অপেক্ষমাণ সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে মালিঙ্গাকে তদন্ত কমিটির মুখোমুখি হতে হচ্ছে।
চুক্তি বিষয়ক জটিলতার বিষয়ে টেলিভিশন সাংবাদিকরা দু’বার তাকে মন্তব্য করতে বলেন। কিন্তু দু’বারই মালিঙ্গা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং অসৌজন্যমূলক শব্দ ব্যবহার করেন। একজন সংবাদকর্মী এ ঘটনা তার টেলিভিশন ক্যামেরায় ধারণ করেন এবং জাতীয় টেলিভিশনে তা প্রচার করেন।
শ্রীলংকা ক্রিকেট বোর্ড প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এসএলসি সদর দফতরের বাইরে মালিঙ্গা এবং সংবাদকর্মীদের মধ্যে ঘটনা দু’টি তদন্তের জন্য বোর্ডের নির্বাহী কমিটি প্রধান নির্বাহী কর্মকর্তা অজিত জয়াসেকারাকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং এ বিষয়ে নির্বাহী কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে।’
প্রধান নির্বাচক সনত্ জয়সুরিয়ার সঙ্গে আলোচনার পর খেলোয়াড়রা চুক্তি করতে সম্মত হওয়ার পর রবিবার সন্ধ্যায় ঘটে প্রথম ঘটনা। এসএলসি আঙ্গিনায় গণমাধ্যম কর্মীরা মালিঙ্গাকে ঘিরে ধরে সিংহলি ভাষায় জানতে চায়- তিনি চুক্তিতে স্বাক্ষর করেছেন কিনা। ব্যক্তিগত গাড়ির কাছে হেঁটে যেতে যেতে মালিঙ্গার উত্তর ছিল, ‘কিসের চুক্তি? এখানে একটা পার্টি হচ্ছিল এবং আমি সে পার্টিতে যোগ দিতে এসেছিলাম। জনগণকে জিজ্ঞাসা করুন কে চুক্তি করতে এসেছে।’
পরের দিন সকালে মালিঙ্গা চুক্তি করার জন্য এসএলসিতে এলে একজন সাংবাদিক তার সাথে কথা বলতে চাইলে তিনি মারমুখি আচরণ করেন। - বাসস
