গিগসের ১০০০

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:৩৮
রায়ান গিগস গত মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে সিনিয়র ফুটবলার হিসেবে হাজারতম ম্যাচ খেললেন। স্থানীয় সমর্থকরা অপেক্ষায় ছিলেন গিগসের এই স্মরণীয় মুহূর্তের জন্য। অপেক্ষার পালা শেষ হলেও গিগসকে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে। কেননা রিয়াল মাদ্রিদের কাছে হেরে ইউনাইটেডের বিদায় ঘন্টা বেজেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। গিগস সপ্তম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ১০০০তম ম্যাচ খেললেন। সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটনের। যিনি ১৯৬৬-৯৭ সাল পর্যন্ত খেলেছিলেন ১,৩৮৭টি ম্যাচ। গত বুধবার গিগস ইউনাইটেডের হয়ে আরো এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে গিগসের ম্যাচটি ১৩৪তম এবং ২৮টি গোলও রয়েছে তার। বর্তমানে ৩৯ বছর বয়সী এই ফুটবলার ক্লাবের হয়ে রেকর্ড ৯৩২ ম্যাচ খেলেছেন। সেই সাথে রয়েছে ওয়েলসের হয়ে ৬৪টি এবং ব্রিটেনের হয়ে লন্ডন অলিম্পিকে খেলেছেন তিনি চার ম্যাচ। সিনিয়র খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সে। ১৯৯১ সালে ২ মার্চ তিনি ইউনাইটেডের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।