লিওনেল মেসির বাম পায়ের প্রতিকৃতি এবার উন্মোচিত হলো জাপানে। তবে বিস্ময়ের ব্যাপার হলো, মাটি কিংবা স্টিল নয়, পা তৈরির উপাদান হিসেবে ব্যবহূত হয়েছে নিখাদ স্বর্ণ। জাপানি জুয়েলার গিনজা তানাকা তৈরি করেছেন এই সোনার পা। তার বা পায়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। এই পা দিয়েই করে চলেছেন একের পর এক গোল। ভেঙ্গে দিচ্ছেন সব রেকর্ড। সুতরাং তার এই পা যে শিল্পীর মন রাঙাবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে! মেসির ভক্ত তানাকা স্বর্ণালঙ্কারের কারিগর। সবাইকে আরও একবার মেসির কীর্তি স্মরণ করাতে তিনি বেছে নিলেন দারুণ এক পথ। যেহেতু স্বর্ণ নিয়েই তার কাজ তাই মেসির পায়ের প্রতিকৃতি তৈরি করার জন্য ধাতু হিসেবে তিনি বেছে নিয়েছেন স্বর্ণকে। আর এই বিশেষ পায়ের মূল্য নির্ধারিত হয়েছে প্রায় তেপ্পান্ন লাখ ডলার। তানাকার এই কাজ দেখে উচ্ছ্বসিত মেসির ভাই রদ্রিগো। তিনি বলেন, ‘এটি সত্যিই অন্যরকম। আপনি পায়ের প্রতিটি দাগ এখানে দেখতে পাবেন। এটা সত্যিই চোখ ধাঁধানো একটি কাজ হয়েছে।’
