অযথা সূর্যের আলোতে যাবেন না

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:০১
সূর্য মানুষের পরম বন্ধু। স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সূর্যের তাপ থেকে আমরা শরীরের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিন ডি পাই। এই ভিটামিন ডি আমাদের অস্থি গঠন ও অস্থির সবলতায় খুবই জরুরি। এই সূর্যের আলো থেকে সবুজ প্রকৃতি গাছ-পালা, লতাগুল্ম অক্সিজেন তৈরি করে। প্রকৃতির এই অক্সিজেন না থাকলে সমগ্র প্রাণীকুল ধ্বংস হয়ে যেতো। আবার এই সূর্যের আলো, তাপ মানুষের কাছে মাঝে মধ্যে মহাশত্রু হিসেবে দেখা দিতে পারে। সূর্যের তাপে ত্বকে দেখা দিতে পারে এক ধরনের চর্মরোগ। যাকে বলা হয় ফটোডার্মাটাইটিস। শরীরের যে অংশ অনাবৃত্ত থাকে বা সূর্যের আলো পড়ে সে অংশে যেমন মুখমণ্ডল, কানের পিছনের দিক, হাত ইত্যাদি স্থানে লাল হয়ে যায়, ফুলে যায় এমনকি র্যাশ বা দানা উঠতে পারে। এছাড়া এই সূর্যের তাপ সবচেয়ে যে ক্ষতি করে তা হচ্ছে মুখের ত্বকে এক ধরনের পিগমেন্ট তৈরি করে তাকে মেছতা বলা হয়। আর এই মেছতার চিকিত্সা নিয়ে চলছে নানা প্রতারণা। যদিও মেছতার কোন স্থায়ী চিকিত্সা নেই। সূর্যের আলো যাদের ত্বকের ক্ষতি করে তাদের একটা ভালো সান স্ক্রিন ব্যবহার করা উচিত যা সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি শুষে নিতে পারে যেমন:সিনামেটল ও অক্সি বেনজোনস এবং যে সমস্ত সান স্ক্রিন ক্রিম ত্বকে আল্ট্রাভায়োলেট লাইট প্রবেশে বাধা দেয় যেমন:টাইটেনিয়াম অক্সাইড ও জিংক অক্সাইড ক্রিম ব্যবহারে উপকারে আসতে পারে। এছাড়া সূর্যের তাপ বা আলো থেকে যে ধরনের ত্বকের সমস্যা বা ফটোডার্মাটাইটিসের কারণে ত্বকে দানা দানা লাল হয় সেসব ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। অনেক ক্ষেত্রে হালকা মাত্রার টপিক্যাল স্টেরয়েড ক্রিম উপকারে আসতে পারে। তবে সবচেয়ে ভালো চিকিত্সা হচ্ছে সম্ভব হলে সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করুন। প্রয়োজনে ছাতা ব্যবহার করতে পারেন। তবে কালো ছাতা নয়। সাদা ছাতা ব্যবহার করুন। কালো ছাতায় সূর্যের তাপ বেশি শোষণ করে।