মঙ্গলবার রাতে বাগেরহাটে একটি মন্দিরে অগ্নিসংযোগ ও অন্যটিতে আগুন দেয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে গ্রামবাসী। একইদিন বরিশালে এক সংখ্যালঘুর বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। এদিকে গৌরনদীতে দুলাল দত্তের বাড়ির মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. আলাউদ্দিন বেপারীকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার।
বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা জানান, বাগেরহাটে একটি মন্দিরে আগুন অন্যটিতে দেয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে গ্রামবাসী। দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি মন্দিরের শিব ও কালী প্রতিমার মাথার চুল, পরনের শাড়ি ও সামিয়ানা পুড়ে গেছে এবং অন্যটির বারান্দা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের কুড়ালতলা গ্রামের উত্তরপাড়া সার্বজনীন কালী মন্দির এবং বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের সার্বজনীন শীতলাতলা কালী মন্দিরে এই ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, সুন্দরঘোনা গ্রামের পালপাড়া সার্বজনীন শীতলা মন্দিরে আগুন দেয়ার পর গ্রামবাসী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে মন্দিরের বারান্দা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু বলেন, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে একদল দুর্বৃত্ত সুন্দরঘোনা গ্রামের পালপাড়া সার্বজনীন শীতলাতলা কালী মন্দিরের বারান্দায় আগুন দেয়। স্থানীয় গ্রামবাসী আগুন জ্বলতে দেখে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের কুড়ালতলা গ্রামের উত্তরপাড়া সার্বজনীন কালী মন্দিরের সভাপতি অনন্ত কুমার কীর্ত্তনীয়া বলেন, মঙ্গলবার রাতের কোন এক সময়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তালাবদ্ধ মন্দিরে বাইরে থেকে ভেতরের প্রতিমায় আগুন দেয়। এতে শিব ও কালী প্রতিমার পরনের কাপড়, মাথার চুল ও উপরের সামিয়ানা পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনিরুজ্জামান বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে ১ ও ২ মার্চ জেলার মোরেলগঞ্জ উপজেলায় একটি মন্দিরের প্রতিমায় আগুন ও একটি ভাংচুর করা হয়। এছাড়া স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের প্রত্যন্ত বাসুদেবপাড়া গ্রামের সংখ্যালঘু সমপ্রদায়ের এক প্রবাসীর বসতঘরে মঙ্গলবার রাতে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃৃতকারীরা। এ ঘটনায় ঐ এলাকার সংখ্যালঘুদের মাঝে আতংক দেখা দিয়েছে। স্থানীয়রা অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবির ক্যাডারদের দায়ী করেছে।
প্রবাসী তপন কুমার মিস্ত্রির স্ত্রী সীমা রানী জানান, মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃৃতকারীরা কেরোসিন ঢেলে তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে। তার জা প্রবাসী খোকন চন্দ্র মিস্ত্রির স্ত্রী আরতী রানী প্রথমে আগুন দেখে চিত্কার শুরু করলে পাশের বাড়ির লোকজন এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে তাত্ক্ষণিক থানার ওসি আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ও গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এর আগে সোমবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃৃতকারীরা উজিরপুরের গুঠিয়া গ্রামের শ্যাম মালাকারের বাড়িতে সার্বজনীন কালী মন্দির ও গত শুক্রবার গভীর রাতে গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকার বোরাদী গরঙ্গল গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ করে।
এদিকে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠী গ্রামে দুলাল দত্তের বাড়িতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে গৌরনদী থানা পুলিশ গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. আলাউদ্দিন বেপারীকে (৪৩) মঙ্গলবার সকালে কাসেমাবাদ বাসষ্ট্যান্ডের একটি দোকান থেকে গ্রেফতার করেছে। গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নলচিড়া দুলাল দত্তের বাড়িতে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ব্যাপারে মো. আলাউদ্দিন বেপারী বলেন, গৌরনদী সদর থেকে প্রায় ১৫ কিলোমিটর দূরে রাত তিনটায় কে বা কারা মন্দিরে অগ্নিসংযোগ করে। অথচ আমাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে।
