ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দেন তা পৃথিবীর তিনটি বিখ্যাত ভাষণের অন্যতম। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রাক্কালে গতকাল বাসসর সাথে আলাপকালে বিএনপি সমর্থক প্রাজ্ঞ এই বুদ্ধিজীবী একথা বলেন।
অধ্যাপক এমাজউদ্দিন বলেন, আমরা বহু রাষ্ট্রনায়কের ভাষণ শুনেছি। কিন্তু একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল ব্যতিক্রম। তিনি বলেন, আব্রাহাম লিংকনের গ্যাটিসবার্গের বক্তৃতা ছিল মাত্র আড়াই মিনিটের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনসটন চার্চিলের বিখ্যাত ভাষণও আমরা শুনেছি। এরপর যে ভাষণ বিশ্বকে নাড়া দিয়েছে সেটি হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।
আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যে এমন কিছু ছিলো যা জাতিকে সেই সংকটময় মুহূর্তে ‘সঠিক বার্তাটি’ পৌঁছে দিয়েছিলো। তার ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্র তৈরি হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণে যে ভাষা ও আবেগ ব্যবহার করা হয়েছে তা ‘অতুলনীয়’। একাত্তরের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র প্রভাষক হিসেবে দায়িত্বরত ছিলাম। ৭ মার্চের আগেরদিন থেকেই আমরা তাঁর ভাষণ শোনার জন্য তৈরি ছিলাম। সেদিন আ স ম রব ও শাহজাহান সিরাজসহ সমসাময়িক ছাত্রনেতাদের সাথে রেসকোর্সের ময়দানে বসে আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি।
