বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল বুধবার সারাদেশে বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা অফিস জানায়, পুলিশ-র্যাব ও যুবলীগ-ছাত্রলীগের ক্যাডার কর্তৃক সারাদেশে গণহত্যা, গ্রেফতার, মামলা ও হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকালে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে সমাবেশে ভক্তৃতা করেন এম নূরুল ইসলাম দাদু ভাই, মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে বলেন, নির্বিচারে গণহত্যা চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন পূরণ হবে না। খুলনায় যুবলীগ-ছাত্রলীগের প্রকাশ্যে অস্ত্রের মহড়া, বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা, পুলিশের নীরব দর্শকের ভূমিকা পালনের তিব্র নিন্দা জানান তারা।
গাজীপুর প্রতিনিধি জানান, গণহত্যা, দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপির নেতৃবৃন্দের নামে মামলা ও গাজীপুর জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সমাবেশে যোগ দেয়ার জন্য শহরের রাজবাড়ী রোড দিয়ে কালীগঞ্জ থানা বিএনপির মিছিল জেলা আওয়ামী লীগের কার্যালয় অতিক্রম করাকালে মিছিলের পিছনের দিকে দুটি ককটেল বিষ্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এসময় বিএনপির বিক্ষোভ সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। জেলা শহরের রাজবাড়ী রোডে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসানউদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, মীর হালীমুজ্জামান ননী, হুমায়ুন কবীর মাস্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাসাস সহসভাপতি আলহাজ্ব মোঃ সোহরাবউদ্দিন, নাজিমউদ্দিন, ডাঃ মাজহারুল আলম, সাখাওয়াত্ হোসেন সবুজ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। মঙ্গলবার ছাত্রলীগ কর্তৃক জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর এবং বুধবার বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরণের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশাল অফিস জানান, বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকেলে নগরীর ফজলুল হক এভিনিউতে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা এডভোকেট আলী হায়দার বাবুল, প্যানেল মেয়র কেএম শহিদুল্লাহ প্রমুখ। একই সময় আদালত প্রাঙ্গণে দক্ষিণ জেলা বিএনপি’র সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন। বক্তৃতা করেন বিএনপি নেতা এডভোকেট সাইয়েদ আহম্মেদ মধু, মহানগর যুবদল সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামীম, জিএম আতায়ে রাব্বী প্রমুখ। উভয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে সন্ধ্যায় ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশের গুলি ও কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে নগরীতে জেলা বিএনপি’র সম্পাদক বিলকিস জাহান শিরিন ও মহানগর যুবদল সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফজলুল হক এভিনিউ থেকে শুরু হয়ে গীর্জা মহল্লা প্রদক্ষিণ করে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিদ্যাময়ী স্কুলের সামনে পুলিশ বাঁধা দিলে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে আসে। নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপি সভাপতি একেএম মোশারফ হোসেন। সমাবেশে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, নগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেও গতকাল ঢাকায় বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে এবং আজকের হরতালের সমর্থনে গতকাল নাঙ্গলকোট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নাঙ্গলকোট পৌরবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রেলগেটে সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুলা মজুমদার, পৌর যুবদল সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, আবু তাহের, ডাঃ মাঈন উদ্দিন বাহার, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক হারুনূর রশিদ মজুমদার, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দিন মিন্টু প্রমুখ।
