কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মঙ্গলবার রাতে অভিজাত হোটেল ভাংচুর ও মালিকসহ ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
জাপান-বাংলাদেশ যৌথ পরিচালনায় হোটেল ভিটা ওয়ার্ল্ড ট্যুরিজম নামের এই হোটেলে কুমিল্লা পল্লীবিদ্যুত্ সমিতি-২ এর চৌদ্দগ্রাম দক্ষিণ অঞ্চলের পরিচালক নির্বাচনের জন্য কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠক বসে। সেখানে চা দিতে দেরি হওয়ার অজুহাতে আওয়ামী লীগ কর্মীরা হোটেল বয় জ্যোতি ত্রিপুরা ও মুরাদকে মারধরসহ চায়ের কাপ ও ট্রে ভাংচুর করে। হোটেল মালিক আবদুল আজিজ বিষয়টি জানতে নেতৃবৃন্দকে জিজ্ঞাসাবাদ করতে এলে উত্তেজিত কর্মীরা তাকেও বেদম মারধর ও জামা-কাপড় ছিঁড়ে লাঞ্ছিত করে। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে হোটেল ক্যাশিয়ার রায়হান, কর্মচারী আবদুর রহমান, গিয়াস উদ্দিন, মিঠুন, নূরুল আমিনকে মারধর করে। এসময় হোটেলের বাইরে ও ভিতরে ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়। আহত হোটেল মালিক আবদুল আজিজকে রাতে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে গতকাল বুধবার বিকালে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়।
