অনড় গাছের নিচে বিশ্ব জেগে ওঠে যেন
শ্যাভেজ তোমাকে এত ভালোবাসি কেন?
আজ ভোরে ডুবিয়াছে অই রক্তরাঙা চাঁদ
আজ বেসুর খালাস পেল অই কালা সূর্য
শিরা থিকা উপশিরা বাতাসে শোকের গান
জানো কি শ্যাভেজ আমাদের দিনে আনা দিন
মার্কিনি দামামা যেন রাত্রিতে পরাস্ত
এমনি সময়ে কেন তুমি অস্ত যাও বন্ধু
মানুষের ভিড়ে কেন তুমি শান্তিতে ঘুমাও
কেন স্তব্ধ কারাকাসে আকাশ ভাঙল।
অনড় গাছের নিচে বিশ্ব জেগে ওঠে যেন
শ্যাভেজ তোমাকে এত ভালোবাসি কেন?
কবিমাত্র বিপ্লবী না, জানো কি শ্যাভেজ
তথাপি আমার ভেতর নৈঃশব্দ্যের তেজ
কত দূরে তুমি, মানুষের ভেতর মানুষ
কেন যে কাছের তুমি, কখনো বুঝতে পারি নাই
তুমি শ্রেণীর ভিতরে চিন্তা রেখা
যেন ভেদহীন মানুষের কথা কও
আঙুলে তোমার যেন মার্কসের কলমের দাগ
যেন লেনিনের সেই টুপি তোমাকে মানায়।
অনড় গাছের নিচে বিশ্ব জেগে ওঠে যেন
শ্যাভেজ তোমাকে এত ভালোবাসি কেন?
