রাজনৈতিক অস্থিরতায় শেয়ারবাজারে লেনদেন খরা

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ১৯:৩৫
রাজনৈতিক অস্থিতিশীলতা ও তারল্য সঙ্কটের প্রভাবে শেয়ারবাজারে লেনদেন খরা তীব্র হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে লেনদেনের প্রবাহ কমতে থাকে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৭৮ কোটি টাকা। যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। তাই লেনদেনের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এ অবস্থায় বাজারকে ইতিবাচক করতে হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে। এজন্য রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩২ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্য সূচক কমেছে ২৩ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৬৪টি কোমপানির ৪ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাত বদল হয়েছে। আর লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ২৯০ টাকা। যা আগের দিনের চেয়ে ৯৯ কোটি ৪৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। গতকাল সিএসই’র সার্বিক মূল্যসূচক ৬৫ পয়েন্ট কমে ১১ হাজার ৯৮৫ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক কমেছে ৪৫ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ২৮ লাখ ২৫ হাজার ২৪১ টাকা। লেনদেনকৃত ১৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দর। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ। বছরশেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয় ১২ টাকা ৪৯ পয়সা।