মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ১৯:৩৬
ফেব্রুয়ারি মাসে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি। জানুয়ারি মাসে কিছুটা কমে আসলেও ফেব্রুয়ারি মাসে বেড়েছে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী মূলত চালের দাম বাড়ার কারণে ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। এছাড়াও বেড়েছে আটা, ডাল, মাছ, তেল ও মসলার দাম। গতকাল বিবিএস ভবনে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। তিনি জানান, নতুন ভিত্তি বছর (২০০৫-০৬) অনুযায়ী ফেব্রুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ। জানুয়ারি মাসে এ হার ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। গত অর্থবছরের (২০১১-২০১২) একই সময়ে (ফেব্রুয়ারি) মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। এসময়ে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ। জানুয়ারি মাসে ছিল ৫ দশমিক শূন্য ২ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে (ফেব্রুয়ারি) খাদ্য পণ্যে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। জানুয়ারিতে এ হার ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ দশমিক ১৮ শতাংশ।