রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনদিনব্যাপী ‘থাইল্যান্ড বাণিজ্য প্রদর্শনী-২০১৩’ শুরু হয়েছে। থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন দপ্তর এবং বাংলাদেশে থাই দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ইতিমধ্যে এক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বর্তমানে দ্বি-পাক্ষিক রপ্তানি বাণিজ্য থাইল্যান্ডের অনুকূলে থাকলেও ২০১১-১২ অর্থবছরে থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। শিল্পখাতে পারস্পরিক সহায়তা ও বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিরাজমান বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি দ্বি-পাক্ষিক রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি করা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে থাই দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর উষা উইজারুন, বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিসিআই) এর প্রেসিডেন্ট এম এ মোমেন বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী থাই উদ্যোক্তাদের বাংলাদেশে সরাসরি বা যৌথ বিনিয়োগে এগিয়ে আসার পাশাপাশি থাইল্যান্ডের উন্নত প্রযুক্তি নির্ভর শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের পরামর্শ দেন। বিশেষ করে তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ, ভাঙ্গা ও রিসাইক্লিং, অটোমোবাইল, হাল্কা প্রকৌশল, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল, আইসিটি, ইলেকট্রনিক্স, লেদার, জুট ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করতে থাইল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
তিনদিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে থাইল্যান্ডের ৪৭টি উত্পাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান অটোমোবাইল পার্টস ও এক্সেসরিজ, নির্মাণ উপকরণ, হার্ডওয়্যার ও মেশিনারি, ইলেক্ট্রনিক, ফ্যাশনওয়্যার, খাদ্যপণ্য, গার্মেন্টস ও ফ্যাশন এক্সেসরিজ, উপহার ও সাজসজ্জা সরঞ্জাম, স্বাস্থ্য সেবা ও রূপচর্চা পণ্য, কিচেনওয়্যার, চামড়া ও পাদুকা পণ্যসহ মোট ১০ প্রকারের পণ্য সামগ্রী প্রদর্শন করছে। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
