চ্যানেল আইতে আজ

৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:১৯
টানা কয়েকবার সময় পিছিয়ে অবশেষে কিছু অংশ কলকাতায়, কিছুটা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলে দেশের সবচেয়ে বড় সংগীতের সম্মাননার অনুষ্ঠান ৮ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ‘শুদ্ধ সংগীতের বিশ্বায়নে’ এ বিষয়কে মূল প্রতিপাদ্য করে চট্টগ্রামে গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল এ দেশের সংগীতের সবচেয়ে বড় আয়োজন সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের অষ্টম আসর। এমএ আজিজ স্টেডিয়ামে চোখ ধাঁধানো স্টেজে মনমাতানো পারফর্মেন্সে চট্টলাবাসীকে আনন্দ জোয়ারে ভাসান দেশ সেরা তারকা শিল্পীরা। বসেছিল শিল্পীর এক মিলনমেলা। এই অনুষ্ঠানেই প্রদান করা হয় ২০১১ সালের সংগীতে মোট ১৩টি ক্যাটাগরিতে ক্রিটিক এবং পপুলার চয়েসে ৫টি পুরস্কার। এ ছাড়া সম্মাননা জানানো হয় ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকার অতিথি শিল্পীদের। চ্যানেল আইতে প্রচার আজ বেলা ২টা ৪০ মিনিটে। অনুষ্ঠান প্রসঙ্গে এর পরিচালক শহীদুল আলম সাচ্চু বলেন, ‘অবশেষে আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পারলাম, এটাই সবচেয়ে বড় কথা। তবে এবারের আয়োজনেও দর্শকেরা খুব আনন্দ পাবেন। একই সাথে এটুকুও বলি যে, সিটিসেল অ্যাওয়ার্ডটি এখন এক সাংস্কৃতিক আন্দোলনে রূপ নিয়েছে। বাংলাদেশে কোনো অ্যাওয়ার্ড নিয়ে সর্ব সাধারণের এত কৌতূহল দেখা যায়নি।’