আজ বৈশাখী টিভি চলবে নারী নেতৃত্বে

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:২০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরাবরের মতো দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। আজ বৈশাখীর প্রতিটি বিভাগ চলবে নারীদের প্রতীকী নেতৃত্বে। বৈশাখীর পর্দাতেও সেদিন দৃশ্যমান থাকবেন কেবল বৈশাখীর নারী কর্মীরা। এ ছাড়া অভ্যন্তরীণ নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নারী দিবসে শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে নারী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর নারীদের উপস্থাপনায় চলবে নানা আয়োজন। সংবাদ ও অনুষ্ঠানের ফাঁকে আমন্ত্রিত অতিথিরা কথা বলবেন। এ ছাড়া থাকবে শুভেচ্ছা বক্তব্য। দেশের বিভিন্ন অঙ্গনের সফল নারীদের উপস্থিতিতে সারাদিন মুখরিত থাকবে বৈশাখীর প্রাঙ্গণ। সকালে সরাসরি আবৃত্তিতে অংশ নিবেন লায়লা আফরোজ এবং সরাসরি সংগীত পরিবেশন করবেন লীনা তাপসী খান, শাহনাজ নাসরীন ইলা। দুপুরে নারীদের অংশগ্রহণে ধর্মীয় টক শো ‘নারী’। বিকেলে সেলিব্রেটি আড্ডা ‘নক্ষত্র নারী’। আড্ডায় অংশ নেবেন বিজরী বরকত উল্লাহ, ফারজানা চুমকী, তানভীন সুইটি ও দীপা খন্দকার। এরপর বিভিন্ন ক্ষেত্রে প্রথম অবদান রাখা নারীদের নিয়ে বিশেষ আড্ডার অনুষ্ঠান। সন্ধ্যায় থাকবে নৃত্যানুষ্ঠান প্রীতি উপহার। রাতে থাকছে বিশেষ টক শো ‘হে নারী তোমাকে অভিবাদন’। বিশেষ নাটক ‘একজন সখিনা বানু’। অভিনয় করেছেন সীমানা, অবিদ রেহান, আজিজুল হাকিম, ড. ইনামূল হক প্রমুখ। থাকছে লাইভ মিউজিক শো ‘সময় কাটুক গানে গানে’। গান পরিবেশন করবেন নাশীদ কামাল এবং অদিতি মহসীন।