সিরিয়ার বিদ্রোহীরা ফিলিপাইনের নাগরিক জাতিসংঘের ২১ জন পর্যবেক্ষককে আটক করেছে। সিরিয়া ও ইসরাইলের সীমান্তবর্তী গোলান মালভূমি এলাকায় এই ঘটনা ঘটেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে আটক বিদ্রোহীদের নিঃশর্ত মুক্তি চেয়েছে। এদিকে, কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলকে (এসএনসি) প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে।
সংঘাতপূর্ণ সিরিয়ার বিদ্রোহীরা ফিলিপাইনের নাগরিক জাতিসংঘের ২১ জন পর্যবেক্ষককে আটক করেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ এবং ফিলিপাইন সরকার। অনলাইনে প্রচারিত এক ভিডিও ফুটেজে বিদ্রোহীদের অস্ত্রহাতে জাতিসংঘের চিহ্ন সংবলিত গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিদ্রোহীরা নিজেদের গ্রুপকে ‘ইয়ারমুকের শহীদ’ বলে দাবি করেছে। জানা গেছে, গ্রুপটিতে অন্তত ৩০ জন সদস্য রয়েছে। ওই অঞ্চলে অবিলম্বে সরকারি বাহিনীর হামলা বন্ধ করার দাবিতে পর্যবেক্ষকদের আটক করা হয়েছে বলে গ্রুপটি দাবি করেছে। বিদ্রোহীদের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল ওই স্থানে প্রেরণ করা হয়েছে। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষকদের ওপর কোনো প্রকারের নির্যাতন করা হয়নি এবং তাদের সঙ্গে অতিথিসুলভ আচরণ করা হয়েছে।
এদিকে, কাতারের রাজধানী দোহায় মার্চের ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার বিরোধী জোট এসএনসি’কে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। আরব লীগের মহাসচিব নাবিল এলারাবি বুধবার বলেছেন, মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত মন্ত্রীদের বৈঠকে আসন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য এসএনসি’কে প্রতিনিধি ঠিক করতে প্রস্তাব দেয়া হয়েছে। তবে আরব লীগের সদস্য লেবানন এই প্রস্তাবের বিরোধিতা করেছে। ২২ সদস্যবিশিষ্ট আরব লীগের বিবৃতিতে আরো বলা হয়েছে, যদি সিরিয়ার বিদ্রোহীরা চায় তাহলে তারা বিদ্রোহীদের সামরিক সমর্থন দিতেও সম্মত আছে।
