১৭ আফগান সৈন্যকে ধরে নিয়ে হত্যা করেছে তালেবান

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:৩৭
তালেবান জঙ্গিদের হামলায় আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এক প্রত্যন্ত এলাকায় ১৭ সেনা নিহত হয়েছে। গত বুধবার সরকারি সূত্রে এ খবর জানানো হয়। তালেবান এ ঘটনার দায় স্বীকার করেছে। এদিকে এ ঘটনায় পার্লামেন্টের নতুন অধিবেশনের শুরুতে বক্তৃতাদানকালে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সমালোচনা করেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। খবর ডন অনলাইনের। সাম্প্রতিক বছরগুলোতে যতগুলো হামলা হয়েছে তার মধ্যে এটা অন্যতম একটি হামলার ঘটনা। গত শনিবার বাদাকশান প্রদেশে সেনা বহরের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সৈন্য জিম্মি করে তালেবান। প্রদেশটির গভর্নর আবদুল মারুফ রাশেখ জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন ঐ ১৭ জন সেনার গুলিবিদ্ধ ঝাঁঝরা দেহ দেখতে পায়। এছাড়া উপজাতীয় নেতাদের সাথে আলোচনার পর তালিবানের মুক্তির বিনিময়ে অপহরণকৃত বাকী সাত সৈন্য ছেড়ে দেয় তারা। আগামী বছর ন্যাটো সৈন্য চলে যাবার পর দেশটি যখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেয়ার কথা ভাবছে ঠিক তখন এমন উপর্যুপরি হামলায় যেন বিপর্যস্ত হয়ে পড়েছে আফগান সরকারি বাহিনী। বাদাকশানের ঘটনার ফলে সরকারি বাহিনী সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না- এমন আশঙ্কায় উদ্বিগ্ন পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সৈন্যদের অপহরণের পর তাদের সাথে সংঘর্ষ হয়। এর ফলে ১৭ জন সেনা নিহত হয়েছে। এ সময় ব্যাপক সংখ্যক যুদ্ধাস্ত্র এবং দুইটি গাড়ি জব্দ করে তারা।