সংবাদ কণিকা

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২০:৩৮
তাইওয়ানে ভূমিকম্প তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে এতে তাত্ক্ষণিক কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৬ মিনিটে রাজধানী তাইপেতে এটি আঘাত হানে। তাইপের পশ্চিম উপকূলের ৩৬ কিলোমিটার উত্তর পশ্চিমে হুয়ালিয়েন শহরের ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তিস্থল বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়। ১৯৯৯ সালে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে সেখানে ২ হাজার ৪০০ জনের মৃত্যু হয়- এপি শিশুকে হত্যা করল চোর চীনে শিশুকে হত্যা করেছে এক চোর। সোমবার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিন থেকে ওই চোর শিশুসহ একটি গাড়ি চুরি করে। পরে সে তাকে হত্যা করে। এ ঘটনায় বুধবার দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়ে লোকজন। জানা যায়, ঘটনার পর কয়েক হাজার পুলিশ কর্মকর্তা ও ট্যাক্সি চালক গাড়িটি উদ্ধারে তত্পর হয়। চোর এ ঘটনার পরদিন পুলিশের কাছে আত্মসমর্পণ ও দোষ স্বীকার করে। তার নাম ঝোউ জিজুন (৪৮)। পুলিশ জানায়, ঝোউ পেছনের আসনে শিশুটিকে দেখতে পেয়ে রাস্তার একপাশে গাড়িটি থামায়। এরপর সে গাড়ি থেকে নেমে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বরফের নিচে চাপা দেয়। -এএফপি পাক-মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের অরিগনের পোর্টল্যান্ডে মঙ্গলবার পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০০৯ সালে পাকিস্তানে হামলায় তিন আত্মঘাতী বোমা হামলাকারীর একজনকে সহযোগিতা করায় তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। পাকিস্তানের ওই হামলার ঘটনায় ৩০ জন নিহত ও তিন শতাধিক আহত হয়। মার্কিন বিচার বিভাগ এ কথা জানায়। সন্ত্রাসীদের সহযোগিতার অভিযোগ প্রমাণ হলে রিয়াজ কাদির খান (৪৮) নামে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মঙ্গলবার পোর্টল্যান্ডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। - এএফপি শিথিল নিষেধাজ্ঞা মার্কিন বিমানের যাত্রীরা এবার থেকে ছোট ভাঁজ করা ছুরি এবং হকিস্টিক বা বেসবল খেলার ব্যাটের মতো সরঞ্জাম বহন করতে পারবেন। তবে সেই ছুরির ফলা ছয় সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না। আগামী ২৫ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। ৯/১১-র হামলার পর থেকে নিরাপত্তার কারণে ধারালো বস্তু বা খেলাধুলোর শক্ত সরঞ্জাম বহন করা নিষিদ্ধ করেছিল মার্কিন সরকারের পরিবহন সুরক্ষা বিভাগ। এত দিনে শিথিল হল সেই নিষেধাজ্ঞা।