নাগেশ্বরীতে ৩ কি.মি. রাস্তার জন্য প্রায় ৩০ হাজার মানুষের দুর্ভোগ চরমে। কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। জানা গেছে, উপজেলার রায়গঞ্জ হাসপাতাল থেকে রাঙ্গালীরবস আবাসন বাজার পর্যন্ত ৩ কি.মি. রাস্তা ধরে যাতায়াত করে পূর্বরায়গঞ্জ, মোল্লাপাড়া, ব্যাপারীপাড়া, খাঁপাড়া, রাঙ্গালীরবস, ধাউরারকুটি, আন্ধারীঝাড় গ্রামের মানুষ। সর্বশেষ ২০০৫-০৬ অর্থবছরের বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি রাস্তাটির কার্পেটিং করে। কিছুদিন পরে এর কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়। একটু অসাবধানতায় চলতে গেলে দুর্ঘটনা ঘটে। পথচারী উমাচরণ, আজিজার, ইদ্রিস আলী, সিরাজুল, জমির উদ্দিন বলেন, প্রতিদিন খানা-খন্দকে পড়ে যানবাহন উল্টে মানুষ আহত হয়। বিকল্প কোন রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে মানুষকে এ রাস্তায় চলাচল করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়।
