কুষ্টিয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের হয়রানি ও তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতারকৃত দুই দালালকে ভ্রম্যামাণ আদালত গত বুধবার দুপুরে কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার মৃত মনসুর আলীর ছেলে আইনুল ইসলাম (৫৩) ও একই এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোদাব্বের আল মাহমুদ রিপন (২৮)। পুলিশ জানায়, অভিযুক্ত আইনুল ও রিপনকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইনুল ইসলামকে তিন মাস ও রিপনকে ছয় মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ পুলিশ ফোর্সসহ দুপুর সোয়া ১২টায় অভিযান চালিয়ে ওই দুই দালালকে পাসপোর্টের বেশকিছু ফরমসহ হাতে-নাতে গ্রেফতার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই দুই দালালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ওই দণ্ডাদেশ দেন।
