কাঠমান্ডু থেকে ফিরলো ফুটবল দল

নৈপুণ্যে খুশি ডাচ কোচ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:৩৪
এখনো চ্যালেঞ্জ কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠার সম্ভাবনা জিইয়ে রেখে বাংলাদেশ ফুটবল দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফিরে এসেছে। চূড়ান্ত পর্বে যাওয়া চূড়ান্ত হবে এ মাসেই অনুষ্ঠেয় প্রতিযোগিতার বি ও ই গ্রুপের খেলা শেষে। আগামী বছর মালদ্বীপে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলাগুলো। জাতীয় দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ অবশ্য বিমানবন্দর থেকেই দেশে ফিরে যান। চূড়ান্তপর্ব নিশ্চিত হবে এমনটি ধরে নিয়েই তিনি খেলোয়াড়দের প্রস্তুত থাকতে বলে গেছেন। জুনে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগে একবার ঢাকায় ফিরে খেলোয়াড়দের পারফরমেন্স দেখবেন। এখন যে অবস্থায় রেখে যাচ্ছেন তা অটুট আছে কিনা যাচাই করবেন তিনি। কঠিন সব শর্ত কোচের, হেরফের হলেই দল থেকে বাদ। মুটিয়ে গিয়ে ফিটনেস নষ্ট করলে একবাক্যেই বাদ দেয়া হবে। নিজেকে প্রস্তুত রাখার জন্য খেলোয়াড়রা কোচের দেয়া নির্দেশনা মেনে চলবেন। কোচ সবার ফোন নাম্বার এবং ইমেল ঠিকানা নিয়ে গেছেন খেলোয়াড়দের খোঁজ-খবর রাখবেন বলে। ক্রুইফ কাল বিমানবন্দরে নেমে খেলোয়াড়দের পারফরমেন্সের প্রশংসা করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো সেরা রানার্স আপ হওয়ার অপেক্ষায় আছি। আমাদের সামনে ভালো সুযোগ আছে। নেপালের রেজাল্টে আমরা খুশি। মাত্র দুই সপ্তাহের অনুশীলনে আমার ছেলেরা কঠিন পরিশ্রম করেছে। তার ফলও আমরা পেয়েছি।’ জাতীয় দলের অধিনায়ক সুজন নেপালের মাঠে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু শেষ ম্যাচে সুজনকে মাঠে নামাননি কোচ। তারপরও সুজন গতকাল জানিয়েছেন তিনি আর জাতীয় দলে খেলবেন না। ক্রুইফের নতুন আবিষ্কার স্ট্রাইকার তকলিস আহমেদ কাল দেশে ফিরে জানালেন তিনি আরো কঠিন পরিশ্রম করে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিতে চান। চ্যালেঞ্জ কাপ ফুটবলের ‘ডি’ গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচে ১-০ গোলে ফিলিস্তিনের কাছে হারলেও নেপালকে ২-০ হারায় এবং ৪-০ গোলে জেতে নর্দান মারিয়ানার বিরুদ্ধে।