উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

১৮ বছর পর শেষ আটে পিএসজি

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:৩৫
ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে স্পেনের দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করেই শেষ আট নিশ্চিত করে। বড় বাজেটের দলটি ১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রাখতে সক্ষম হলো। অন্যদিকে একই রাতে দুইবারের চ্যাম্পিয়ন জুভেন্তাস সাত বছর পর পেল শেষ আটে পৌঁছানোর স্বাদ। ডেভিড বেকহ্যামকে মাঠেই নামালো না পিএসজি। বেঞ্চেই সময় কাটালেন তিনি। আর ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে ছাড়া প্যারিসের দলটি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করল ম্যাচটিতে। ভ্যালেন্সিয়ার মাঠে পিএসজি প্রথম লেগে ২-১ গোলে জয় তুলে নিয়ে ফিরেছিল। ফলে ৩-২ গোলের ব্যবধানে জিতে পরের রাউন্ডে ফরাসি দলটি। স্বাগতিক পিএসজিকে চমকে দিয়ে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার জোনাস দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন দারুণ গোল করে। কিন্তু পিএসজি চাপ কাটিয়ে ওঠে দ্রুতই। এজাকুইল লাভেজ্জি, যিনি মেস্টালায় প্রথম লেগে পিএসজির হয়ে গোল করেছিলেন, সেই তিনি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন। ম্যাচের ৬৬ মিনিটে সমতাসূচক গোলটি তিনি করেন। সেই সাথে পিএসজি ১৯৯৫ সালের পর এই প্রথম আবারো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট দেখলো। তুরিনে ১৯৮৫ ও ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন জুভেন্তাস স্কটল্যান্ডের চ্যাম্পিয়ন দল সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয়। সেল্টিকের মাঠ থেকে ৩-০ গোলে জয় নিয়ে ফিরেছিল ইতালিয়ান সিরি এ চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে জয় নিয়ে দীর্ঘদিন পর শেষ আটে ইতালির দলটি।