শেখ জামাল ফুটবল একাডেমির প্রারম্ভিক কাজ শুরু এবং সেসব বাস্তবায়নের জন্য গতকাল ক্লাবটির সভাপতি মনজুর কাদেরের অফিসে আয়োজিত মতবিনিময় সভায় একাডেমিটি পরিচালনার কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় একাডেমি পরিচালনার জন্য বিধিমালা প্রণয়ন ও এদেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় অচিরেই এর কার্যক্রম শুরু করা হবে।
এ সভায় ফুটবল সংগঠক, খেলোয়াড়, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি মো. শওকত আলী খান জাহাঙ্গীর, জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক, শেখ জামাল ফুটবল একাডেমির সদ্য নিযুক্ত বিদেশি কোচ ওমার কে, সিস ও স্থানীয় কোচ মহিদুর রহমান মিরাজ এবং একাডেমির প্রশাসন ইনচার্জ প্রাক্তন ফুটবল তারকা আবদুল গাফফার উপস্থিত ছিলেন। এই একাডেমির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারী লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের দেশের ফুটবল উন্নয়নের লক্ষ্যে শেখ জামাল ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেন। খবর বিজ্ঞপ্তির।
