সাভার সেনানিবাসে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:০০
বর্তমান প্রজন্মের কাছে স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস এবং স্বাধীনতা অর্জনে তথা রাষ্ট্র গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা ও একই সাথে সকল ছাত্র-ছাত্রীকে বক্তৃতায় পারদর্শী করে তোলার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আন্তঃস্কুল ও কলেজ বক্তৃতার সমাপনী অনুষ্ঠান বুধবার সাভার সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ জহির বীর প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারাকাত, প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আন্তঃস্কুল ও কলেজ বক্তৃতায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী সুমাইয়া রহমান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। গত ১৮ ফেব্রুয়ারি সাভার সেনানিবাসের পাঁচটি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, মর্নিং গে¬ারি স্কুল, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় ও সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়।